গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত
- প্রকাশের সময় : ০৫:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 4
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার পাশাপাশি নতুন নেতৃত্বে ইউনিটগুলোকে সাজানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব হৃদয় হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা শাখার অধীনস্থ সব ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, নতুন কমিটি গঠন ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন ও পুরোনো নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে।

























