ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর
- প্রকাশের সময় : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 10
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে ইচ্ছুক ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, নিবন্ধনের সুযোগ থাকবে ৮ অক্টোবর পর্যন্ত।
ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, দেশের অভ্যন্তরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এ জন্য তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ইসির বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন সম্পন্ন করা জরুরি। নিবন্ধন শেষ হওয়ার পর পোস্টাল ভোটের পরবর্তী কার্যক্রম নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. আবুল মমিন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পোস্টাল ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখায় যোগাযোগ করা যাবে। যোগাযোগের ফোন নম্বর ৫৫০৭৫২০। নির্বাচনী দায়িত্ব পালনের কারণে ভোটকেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে ভোট দেয়ার সুযোগ না থাকা সংশ্লিষ্ট ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করে থাকে নির্বাচন কমিশন।























