অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- প্রকাশের সময় : ১২:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 9
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
স্থানীয়রা জানান, রোববার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা অপ্রতিম হত্যার বিচার ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে দুই পাশে যানজট বাড়ছে। তারা অবরোধ তুলে নিলে যানজটও কমে যাবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর অপ্রতিম আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে আনাস নামের আরও একজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোনটি নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনার বিষয়ে রোববার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমকে তার বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়।




















