বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
- প্রকাশের সময় : ০২:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 12
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মো. আফজাল শেখ (৩৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আফজাল শেখ ফরিদপুর সদর উপজেলার সমসের ঘাটডাঙ্গি গ্রামের কাশেম শেখের ছেলে। তিনি বালিয়াকান্দিসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফার্মেসিতে ওষুধ সরবরাহের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া-বহরপুর সড়কের শমিমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল শেখ ও মো. সিহাব বিশ্বাস (২১) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আফজাল শেখ বহরপুর থেকে রামদিয়ার দিকে যাচ্ছিলেন। অপরদিকে সিহাব বিশ্বাস মোটরসাইকেল চালিয়ে বহরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি মোটরসাইকেল পথচারী সুজিত বিশ্বাসের বাইসাইকেলে আঘাত করলে তিনিও সামান্য আহত হন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুজিত বাড়ি ফিরে যান। তিনি নারায়ণপুর এলাকার কান্ত বিশ্বাসের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত সিহাব বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ি এলাকার নিকেরিপাড়া গ্রামের শাহিদুল বিশ্বাসের ছেলে।
অন্যদিকে আফজাল শেখকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে নিজ বাসভবনে আফজাল শেখের জানাজা অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে সড়কে মোটরসাইকেল চালানোর সময় গতি নিয়ন্ত্রণ, সতর্কতা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




















