মা-বাবার কাছে চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা
- প্রকাশের সময় : ০৪:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 9
লেখাপড়ার চাপ সইতে না পেরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মা-বাবার কাছে চিরকুট লিখে শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।আজ শনিবার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন সকালে বাড়ির পিছনের কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শরিফাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

শরিফা ইসলাম উনশিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
শরিফা ইসলাম মেধাবী ছাত্রী ছিল বলে জানিয়েছেন তার বোন মাহমুদা খানম।তিনি বলেন, চলতি মাসের ২৮ তারিখ শরিফার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষায় তার প্রস্তুতি ভালো না থাকায় সে আত্মহত্যা করতে পারে বলে আমরা ধারণা করছি।
এদিকে আত্মহত্যার পর শরিফার পড়ার টেবিলে মা-বাবার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
চিরকুটে মা-বাবার উদ্দেশ্যে শরিফা ইসলাম লিখেছেন, ২৮ তারিখ আমার পরীক্ষা, আজ শনিবার ১৮ তারিখ চলছে, এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারি নাই। পরীক্ষা দিলে আমার রেজাল্ট ভালো হবে না। আর রেজাল্ট ভালো না হলে তোমরা ও সার ম্যামদের সামনে কি ভাবে গিয়ে দাঁড়াবো।তাই আমি তোমাদের কষ্ট দিয়ে চলে গেলাম, আমাকে মাফ করে দিও।
শরিফা ইসলামের আত্মহত্যার বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। শরিফা ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।



















