কুমিল্লায় যুবকের হামলায় মা ও ৮ মাসের ভাতিজি নিহত, আহত ভাবি
- প্রকাশের সময় : ১১:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 2
কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় তার মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে খবর দেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অভিযুক্ত ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত হয়েছেন ইমনের ভাবি রাবেয়া বেগম। অভিযুক্ত ইমন (২৪) ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করেন বলে স্থানীয়রা জানান। এ সময় বাধা দিতে এগিয়ে গেলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। একই সময় অভিযুক্ত ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন তারা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর বিষয়টি বিস্তারিত জানা যাবে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে। হামলার কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের পর পরিষ্কার হবে।



















