ফ্রি কিক থেকে মেসির গোল, জিততে পারল না মায়ামি
- প্রকাশের সময় : ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 4
ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে জয়ের পর ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারেও গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার গোলের পরও জয় পেল না মায়ামি। স্যান ডিয়েগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে লিগে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল তারা।
ঘরের মাঠ নু স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে গোল করে স্যান ডিয়েগোকে এগিয়ে দেন ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার। মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।
২৪তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে বলটি কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে। এরপর দূরের পোস্টে লেগে জালে জড়ায় সেটি।
এই গোলের মাধ্যমে চলতি লিগে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২০টি। মায়ামির জার্সিতে এটি তার ১০১তম গোল এবং পেশাদার ক্যারিয়ারে ৯৩০তম গোল। ফ্রি কিক থেকে এটি ছিল মেসির ৭৫তম গোল।
সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় মায়ামি। ৭৪তম মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। এতে জয়ের পথেই এগোচ্ছিল ফ্লোরিডার দলটি।
তবে ম্যাচের শেষ দিকে আবারও ঘুরে দাঁড়ায় স্যান ডিয়েগো। ভার্সকোভের নিখুঁত পাস পেয়ে ২-২ গোলের সমতা ফেরান ড্রেয়ার। নিজের দ্বিতীয় গোল করে মায়ামির জয় আটকে দেন তিনি।
এই ড্রয়ে লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকল মায়ামি। শেষ নয় ম্যাচে তাদের জয় মাত্র একটি। ২৬ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দলটি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে মায়ামি।























