পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক
- প্রকাশের সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 4
নওগাঁর পোরশায় ১১৩টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে উপজেলার কাটাপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের আতাউর ইসলামের ছেলে মো. মারুফ হোসেন (২২) এবং সাপাহার উপজেলার কালাইবাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম।
বিজিবি জানায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসির নির্দেশনায় নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে কাটাপুকুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১১৩টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে উদ্ধার করা মাদকসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




















