শেখ হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
- প্রকাশের সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 4
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এদেশের সমস্ত কিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে, ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমরা বলি ৩১ ডিসেম্বর কেনো, যখনই আসবে তখনই আইনের মাধ্যমে হাতকড়া দিয়ে রিসিভ করব।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুরে গ্রামে অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে, এসব দোসরদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।
মন্ত্রী বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি এবং প্রতিটি সেক্টর তীব্র গ্যাস, বিদ্যুৎ সংকট পেয়েছি। মূলত জ্বালানির উন্নয়নে বিগত ফ্যাসিস্ট ও অন্তবর্তী সরকার কোনো কাজ করেনি। বরং লুটপাট করার জন্য বিভিন্ন প্ল্যান্ট করেছে। যেগুলো চলুক বা না চলুক বসিয়ে বসিয়ে টাকা দেয়া হয়েছে। এভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এই অবস্থা করেছে। এ অবস্থা থেকে উত্তরেণ কিছুটা সময় দিতে হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দেশের নাগরিকদের অধিকার অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের টাকা লুটপাটের সুষ্ঠু বিচার এবং আইনি সমাধানে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।























