গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান
খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 9
নওগাঁর বদলগাছী উপজেলার সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি এড়িয়ে পাঠদান চালু রাখতে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে ও বিদ্যালয় মাঠে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পুরানো ভবনের একটি ক্লাসরুমের একাংশ হঠাৎ ভেঙে পড়ে। পরবর্তীতে বাঁশ দিয়ে ও সাময়িক জোড়াতালি দিয়ে ঘরটি টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যেকোনো সময় পুরো কাঠামো ধসে পড়ে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। জরাজীর্ণ এই অবস্থার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকতে ভয় পাচ্ছে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, ভাঙা ঘরের মধ্যে বসে ক্লাস করতে তাদের প্রবল ভয় করে। বাধ্য হয়ে বাইরে মাঠে ক্লাস করতে গিয়ে রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে, যা পড়ালেখার পরিবেশকে মারাত্মকভাবে বিনষ্ট করছে। অতি দ্রুত এই ভাঙা শ্রেণীকক্ষ মেরামত অথবা একটি নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও জরাজীর্ণ ওই কক্ষটিকে আর ব্যবহারের উপযোগী করতে পারেনি।
এ বিষয়ে বদলগাছী উপজেলা শিক্ষা অফিসারকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। তবে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ অফিস সময়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষক মন্ডলীর সাথে কথা বলে প্রতিবেদককে বিস্তারিত জানানোর আশ্বাস দেন তিনি।
বিশ্লেষকদের মতে, বিদ্যালয়ের এমন করুন পরিস্থিতিতে প্রধান শিক্ষক, স্কুল কমিটি ও উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে সমন্বয়হীনতাই মূলত সমস্যার দ্রুত সমাধানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম রক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও নতুন ভবন বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা।
Tag :






















