তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী
- প্রকাশের সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 2
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (১৬ আগস্ট) রাতে ঢাকার বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত। শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। দুই দেশের নেতৃত্বের মধ্যে বৈঠক হলে বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা যায়।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের হৃদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশ শুধু সীমান্ত ভাগাভাগি করে না, তারা একটি অভিন্ন স্বপ্নও ধারণ করে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ। দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে কোনো চ্যালেঞ্জ না থাকলে সেটি গণতন্ত্র নয়। গণতন্ত্র যতই বিশৃঙ্খল মনে হোক না কেন, এর মধ্যেই আলোচনা ও সমাধানের পথ রয়েছে।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য, বিতর্ক ও যুক্তি-তর্ক থাকা স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনই জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা। তাদের লক্ষ্যও একই।
তিনি বলেন, যখন দুই দেশের এমন দুই নেতা বৈঠক করেন এবং পরস্পরের সঙ্গে আলোচনা করেন, তখন এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ভারতের হাইকমিশনার।




















