মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার
- প্রকাশের সময় : ১২:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 4
যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে দেশটি এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে। এসব ভিসাধারীর ভ্রমণ ও অভিবাসনের সুযোগও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার আহ্বান, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর শুরু হওয়া অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে ব্যাপক হারে ভিসা বাতিলের এই কার্যক্রম শুরু হয়। ধারাবাহিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভিসাধারীদের কর্মকাণ্ড পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, হামলা, মাতাল অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ ভিসা বাতিলের অন্যতম প্রধান কারণ। পাশাপাশি ভিসার শর্ত লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর অভিযোগে ১০০টিরও বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। এসব দম্পতি সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে তাদের সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্ত্রণালয় আরও বলেছে, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুবিধা। কেউ এই সুবিধার অপব্যবহার করলে তার ভিসা বাতিলসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, তারা এক লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। সে সময়ের হিসাবে এটি ছিল রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা।























