জনগণের অর্থ লুট করে পাচার করাই ছিল আওয়ামী লীগের কাজ: অর্থ উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৪:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 4
আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের অর্থ লুট করে পাচার করেছে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাত ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর।
শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। আমরা জনগণের অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। পতিত সরকার সমাজব্যবস্থাকে অচল করে গেছে, সংস্কৃতিকে বিলুপ্ত করেছে এবং শিক্ষা খাতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমরা সেটি পুনরুদ্ধারে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘পতিত সরকার শুধু অর্থ পাচার করেই ক্ষান্ত হয়নি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য শিক্ষা খাত ধ্বংস করে কিছু ভবন রেখে গেছে। যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে। পরিকল্পিতভাবে একটি জাতিকে শেষ করার জন্য যা যা করা দরকার, তারা তা করেছে।’
তিনি বলেন, ‘পতিত সরকার বাংলার মানুষের স্বাধীনতা হরণ করেছে এবং রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের মাধ্যমে মানুষের অধিকার পিষ্ট করেছে। অথচ এই রাষ্ট্র নাগরিকের হওয়ার কথা ছিল। তারা মাদকাসক্ত, বেকার ও পঙ্গু একটি যুবসমাজ রেখে গেছে।’
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ ব্যয় করা হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নেও কাজ করা হচ্ছে।’
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-আর-রশিদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়া জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।





















