নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের আহ্বান
মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 18
‘নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দাঁড়াও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা ১১টায় মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু।
পতাকা উত্তোলনের পর একটি র্যালি সরকারি আইনউদ্দিন কলেজ থেকে শুরু হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়।
পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মালেকা বানু নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, আইনের যথাযথ প্রয়োগ এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের জলবায়ু ও পরিবেশ সম্পাদক পারভীন ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায় ও সাধারণ সম্পাদক হুসনেয়ারা খানম।
এ ছাড়া বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের স্ত্রী সামিনা ফেরদৌস ইলিয়াস, সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা হাজী আব্দুল মালেক শিকদার ও মো. নজরুল ইসলাম এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুয়ারা সালাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামচ্ছুননাহার নিহার এবং শোক প্রস্তাব পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শুক্লা ভৌমিক।























