দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ
- প্রকাশের সময় : ১০:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 2
হলিউডের জনপ্রিয় মার্ভেল সুপারহিরো ‘সাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ খ্যাত ৩৭ বছর বয়সী অভিনেতা সিমু লিউ এবং ইন্টারস্কোপ রেকর্ডসের ডিজিটাল মার্কেটিং বিভাগের ৩০ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট অ্যালিসন সু জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন। চলতি মাসের প্রথম সপ্তাহান্তে ফ্রান্সে এক জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
প্রায় চার বছরের প্রেমের সম্পর্কের পর এই তারকা জুটি অবশেষে আনুষ্ঠানিকভাবে একে অপরকে নিজেদের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন। পিপল ডটকমকে দেওয়া এক বিবৃতিতে একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড প্রথম এই নবদম্পতির বিয়ের খবরটি প্রকাশ্যে আনে।
সিমু লিউ ও অ্যালিসন সু-এর এই দীর্ঘ প্রেম ও ভালোবাসার গল্প আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছিল ২০২২ সালের শেষের দিকে। ২০২২ সালের ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার মাধ্যমে তারা নিজেদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে জানান। এর ঠিক ৯ দিন পর, ২৯ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে ‘ভায়োলেন্ট নাইট’ চলচ্চিত্রের প্রিমিয়ারে প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন এই জুটি। সম্পর্কের পর থেকেই দুজনে বিভিন্ন সময় একে অপরের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২০২৩ সালের আগস্টে পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিমু লিউ আবেগঘন কণ্ঠে বলেছিলেন, অ্যালিসন এসে তার জীবন পুরোপুরি বদলে দিয়েছেন এবং তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি গভীরভাবে কৃতজ্ঞ। পরবর্তীতে ২০২৩ সালের নভেম্বরে লিউ জানান, অ্যালিসনকে খুঁজে পাওয়ার পর তিনি এক প্রকার স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তাদের সম্পর্কটি অত্যন্ত সুখী ও স্বাস্থ্যকর মন্তব্য করে লিউ আরও বলেন, অ্যালিসনের পাশে তিনি একই সঙ্গে চ্যালেঞ্জ অনুভব করেন, ভালোবাসায় পূর্ণ থাকেন এবং সব সময় সমর্থন পান। জীবনের সবচেয়ে সুন্দর ও সুস্থ সম্পর্ক সেটাই যেখানে দুজন দুজনকে আগলে রাখে, আর তাদের মধ্যে সেই বিষয়টি পুরোপুরি বিদ্যমান।
দুজনের সম্পর্কের একটি বড় মাইফলক উন্মোচিত হয় ২০২৫ সালের ১১ মে। সেদিন ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তারা নিজেদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ফ্রান্সে আইফেল টাওয়ারকে ব্যাকগ্রাউন্ডে রেখে, মোমবাতির আলো ও বর্ণিল ফুলের নান্দনিক সাজসজ্জায় অ্যালিসনকে বিয়ের প্রস্তাব দেন সিমু লিউ। হাতের জমকালো হিরের আংটি উঁচিয়ে ধরে অ্যালিসন ক্যাপশনে লেখেন, ‘আমরা চিরদিনের জন্য এক হলাম।’ অন্যদিকে সিমু লিউ লেখেন, প্যারিসের উইকএন্ড, পাম স্প্রিংসের ছোট ছোট সফর, শুটিং সেটের দীর্ঘ রাত কিংবা সোফায় কাটে অলস দুপুর—যেকোনো মুহূর্তে প্রতিটি দিন ও চিরকালের জন্য তিনি অ্যালিসনকেই বেছে নিচ্ছেন। পরবর্তীতে ইনস্টাগ্রামে অ্যালিসন এই প্রস্তাবের দিনটিকে ২০২৫ সালের সেরা দিন বলে বর্ণনা করলেও মন্তব্যের ঘরে লিউ মজা করে লেখেন যে, পরিকল্পনাটি বাস্তবায়ন করা তার জন্য বেশ মানসিক চাপের ছিল।
এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে লিউ জানান, তিনি স্বভাবজাতভাবে খুব ভালো পরিকল্পনাকারী না হলেও এটি তার জীবনের সেরা পরিকল্পনার একটি ছিল। নিজেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দাঁড় করিয়ে এক দর্শকের জন্য একটি পুরো আয়োজনের কোরিওগ্রাফি করা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা ছিল বলে মন্তব্য করেন তিনি।
এই বাগদানের গল্পে যুক্ত হয়েছিল এক বিশেষ চমক ও বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফটের অনন্য উপস্থিতি। বাগদানের পরপরই টেইলর সুইফটের একটি সারপ্রাইজ অভিনন্দন বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন অ্যালিসন সু। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ হাজির হয়ে সিমু লিউ জানান, অ্যালিসন ছোটবেলা থেকেই টেইলর সুইফটের একনিষ্ঠ অনুরাগী এবং সংগীতজগতের একজন নির্বাহী হওয়ায় সুইফটের গান তাদের সম্পর্কের শুরু থেকেই অনেক বড় ভূমিকা রেখেছিল। এই বাগদানকে অনন্য করে তুলতে লিউ সুইফটের পাবলিসিস্টের মাধ্যমে যোগাযোগ করে মাত্র দুই সেকেন্ডের একটি শুভেচ্ছা ভিডিও পাঠানোর অনুরোধ জানান। অনুরোধের মাত্র দুই দিন পরই সুইফট আন্তরিকভাবে একটি ভিডিও বার্তা পাঠান, যা অ্যালিসনকে দেখানো মাত্রই তিনি আবেগ ধরে রাখতে পারেননি এবং কান্নায় ভেঙে পড়েন।
বিয়ের এই দীর্ঘ সফরের পেছনে পরিকল্পনা ও বাজেট নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিমু লিউ এক সাক্ষাৎকারে তার অভিজ্ঞতা শেয়ার করেন। বিয়ের পরিকল্পনা প্রক্রিয়াটিকে তিনি অত্যন্ত আনন্দদায়ক উল্লেখ করলেও বাজেট ও ব্যয়ের বিষয়টি নিয়ে বেশ কৌতুক করেন। তিনি বলেন, বিয়ের কেনাকাটা ও আয়োজনের খরচ জানার পর তিনি উপলব্ধি করেছেন যে বাজেট যা-ই হোক না কেন, চূড়ান্ত খরচ সব সময় অনুমানের চেয়ে বেশিই হয়। তবে ‘বার্বি’ তারকা লিউ জানান, এই বাড়তি খরচের ধাক্কা সত্ত্বেও পুরো পরিকল্পনা প্রক্রিয়াটি তাদের দুজনের জন্যই বেশ আনন্দময় ও মানসিক চাপমুক্ত ছিল। কারণ, তাদের দুজনের একটি মূল অগ্রাধিকার বা শর্ত এক ছিল, আর তা হলো বিয়েতে অবশ্যই ভালো সংগীত পরিবেশনা বা মিউজিকের ব্যবস্থা থাকতে হবে। লিউ উল্লেখ করেন, পৃথিবীর সেরা বন্ধুদের নিয়ে উদ্যাপনের এই দিনে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সঠিক মিউজিক্যাল অ্যাক্ট নিশ্চিত করাই ছিল তাদের সবচেয়ে বড় প্রস্তুতি।






















