ঝিনাইদহ জেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা হবে : নবাগত পুলিশ সুপার
- প্রকাশের সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 6
ঝিনাইদহ জেলাকে সম্পূর্ণ শান্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান।
রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার করেন।
মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, “মাদকের ব্যাপারে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করা হবে। ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে।”
জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ঝিনাইদহে শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর থাকবে।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। আমি এখানে নিষ্ঠার সাথে কাজ করতে এসেছি; যদি কাজ করতে না পারি, তবে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব।”
আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে পুলিশ সুপার আরও বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের মূল সহযোগী হিসেবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি আহ্বান জানান এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, একুশে টিভির এম রায়হান, এসএ টিভির ফয়সাল, জিটিভির ওলিয়ার রহমান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম আহম্মেদ, চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, বাসস প্রতিনিধি শাহাজাহান নবীন এবং বাংলাদেশ বেতারের সংবাদদাতা আহসান কবিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



















