ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 7
ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি।
শনিবার (২০ জুন) সকালে শহরের পায়রা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা জেলার উন্নয়নের স্বার্থে দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা এখনো রেল যোগাযোগ সুবিধার বাইরে রয়েছে। ফলে জেলার মানুষকে যাতায়াত ও পণ্য পরিবহনে নানা ভোগান্তির শিকার হতে হয়। একই সঙ্গে জেলায় একটি মেডিকেল কলেজ না থাকায় উন্নত চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
তারা বলেন, রেললাইন স্থাপন হলে জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। অন্যদিকে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে স্থানীয় শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে এবং স্বাস্থ্যসেবার মানও উন্নত হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির সভাপতি এন. এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শারমীন সুলতানা, আব্দুস সালাম, আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



















