প্রাক্তন স্ত্রীর সাথে দেখা করতে এসে মাদকসহ জনতার হাতে আটক স্বামী, অতঃপর…
- প্রকাশের সময় : ০৯:২৫:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 60
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মিঠুন শেখ (৩৫) কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিঠুন শেখ ব্যক্তিগত কারণে ওই এলাকায় আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালান। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মিঠুন শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একজন ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধারের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



















