কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
- প্রকাশের সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 3
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, হাঁড়ীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল মিয়া, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
সমাবেশের উন্মুক্ত আলোচনা পর্বে অভিভাবকেরা বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতা, শ্রেণিকক্ষে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব এবং শিক্ষার সার্বিক মান নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে বিদ্যালয়ের পড়ালেখার পরিবেশ আরও সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তাঁরা।
অভিভাবকদের বক্তব্যের পর অতিথি ও বক্তারা বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রেজাউল করিম বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার্থীদের ঘরে ও বিদ্যালয়ে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। কোমলমতি শিক্ষার্থীদের স্মার্টফোন ও ইন্টারনেটের অপব্যবহার রোধে অভিভাবকদের আরও সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বাড়ানো, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদানে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
একটি সুশিক্ষিত, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
























