নওগাঁয় পুলিশের অভিযানে চোর আটক, উদ্ধার ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ
- প্রকাশের সময় : ১২:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 113
নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ির অভিযানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪ ভরি স্বর্ণালংকার এবং ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নওগাঁ সদর থানায় অভিযোগ করেন যে, একই দিন সকাল ১০টার দিকে তার বাসার দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
অভিযোগের পর নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় কালিতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরে শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে মুরাদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার চকমোক্তার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগ ও মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।























