ইরানের সঙ্গে চুক্তি সই, শিগগিরই বিস্তারিত প্রকাশ : ট্রাম্প
- প্রকাশের সময় : ১২:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 16
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রাথমিক চুক্তি ইতোমধ্যে সই হয়েছে এবং খুব শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে। তবে চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন নিয়ে আগামী ৬০ দিন আলোচনা চলবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সোমবার (১৫ জুন) জি-৭ সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চুক্তিটি সই হয়েছে। সবকিছুই সই হয়ে গেছে।”
মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকটি মাত্র দেড় পৃষ্ঠার একটি নথি, যেখানে মূলত একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত বিষয় পরবর্তী আলোচনায় চূড়ান্ত হবে।
তার মতে, নথির প্রথম অনুচ্ছেদে ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছে। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অর্থায়ন বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান যাচাইযোগ্য উপায়ে প্রতিশ্রুতি দেবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
মার্কিন কর্মকর্তাদের দাবি, সমঝোতা স্মারকে ইতোমধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবারের মধ্যেই চুক্তির কিছু বিস্তারিত প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
চুক্তির আওতায় বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে। এ সময়ের মধ্যে উভয় পক্ষ চূড়ান্ত চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েল যে নিরাপত্তা অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে, সেখানে প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, কোনো চুক্তি হোক বা না হোক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সূত্র: বিবিসি।

























