কালুখালীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গাইড ওয়াল ভাঙচুরের অভিযোগ
- প্রকাশের সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 61
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গভীর রাতে এক ব্যবসায়ীর জমির গাইড ওয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর দাবি, চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী কে এম রেজাউল ইসলাম তানভীরের দলিলমূলে ক্রয়কৃত জমির গাইড ওয়াল মঙ্গলবার গভীর রাতে ভেঙে ফেলে একদল দুর্বৃত্ত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মহিম শাহী চাঁদপুর গ্রামের রফিক শেখের ছেলে ইয়ারুল শেখ, ইয়াকুব আলী শেখের ছেলে কোরবান আলী, আকুলে মোল্লার ছেলে সুমন মোল্লা এবং ফকির শেখের ছেলে আদম শেখ সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় জমি ব্যবসায়ী মো. বাবুল হোসেন জানান, কে এম রেজাউল ইসলাম তানভীর মদাপুর এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী পারভেজ শেখ ও মেহের আলীর কাছ থেকে জমিটি ক্রয় করেন। জমি কেনার পর থেকেই অভিযুক্তরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দেওয়ায় গভীর রাতে গাইড ওয়ালের নিচ থেকে কোদাল দিয়ে মাটি সরিয়ে রশি বেঁধে টান দিয়ে দেয়ালটি ভেঙে ফেলা হয়।
ব্যবসায়ী কে এম রেজাউল ইসলাম তানভীর বলেন, “জমিটি ক্রয়ের পর থেকেই অভিযুক্তরা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার জমির গাইড ওয়াল ভেঙে দেয়। এছাড়া বিভিন্ন সময় আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।”
এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















