সাপাহারে সীমান্ত এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০৯:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 120
নওগাঁর সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাপাহার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি। তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় সীমান্ত অঞ্চলের শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা গুজব, উসকানি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় অংশগ্রহণকারীরা সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।























