ঝিনাইদহে ১৬ মামলার আসামি মনিরসহ গ্রেফতার ২
- প্রকাশের সময় : ১০:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 7
ঝিনাইদহ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম হোতা ও কথিত ‘মাদক সম্রাট’ মনির হোসেন (৪৬) এবং তার এক নারী সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে মহেশপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে মনির হোসেনের নিজ বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনির ও তার নারী সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার অবৈধ আয়ের নগদ ১ লাখ ৯১ হাজার ৪২০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মনির হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঝিনাইদহ, নাটোর ও ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ১৬টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা মনির আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত।
ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র বলেন, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে। মনিরের গ্রেফতার মাদক কারবারিদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। একই সঙ্গে তার সিন্ডিকেটের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেছেন।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।























