কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক
- প্রকাশের সময় : ০৬:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 9
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ লাভলু মুন্সী (৪২) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে এক ব্যক্তি ভ্যানে করে মাদক পরিবহন করছে। এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লাভলু মুন্সীকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত ভ্যানে থাকা একটি বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক লাভলু মুন্সী টুঙ্গিপাড়া উপজেলার সরইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ মুন্সীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় লাভলু মুন্সীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াদুল সিকদার (৩২) নামে আরও একজনকে এ মামলার আসামি করা হয়েছে।
কোটালীপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















