নওগাঁ সীমান্তে বিজিবির তৎপরতায় বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ
- প্রকাশের সময় : ০৪:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 157
নওগাঁ সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে পুশইনের বিএসএফের একটি প্রচেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ জুন নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়নের করমুডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আদাডাঙ্গা ক্যাম্পের পক্ষ থেকে ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি জানায়, ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সরাসরি নেতৃত্বে সীমান্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা সফল হয়নি।
বিজিবির দাবি, বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিএসএফ পরবর্তীতে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই পুশইনের সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।























