বালিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০২:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 123
২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার ) প্রকল্পের আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষিবিদ রতন কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াকান্দি, রাজবাড়ীর বাস্তবায়নে আয়োজিত কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল গ্রামীণ অর্থনীতি গঠনে বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, অফিসার ইনচার্জ বালিয়াকান্দী থানা আব্দুর রব তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র নাথ মজুমদার,উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ,উপজে বিএনপির সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, মশিউল আজম চুন্নু সাবেক চেয়ারম্যান, কল্লোল বসু চেয়ারম্যান জঙ্গল ইউনিয়ন প্রমুখ।
বক্তারা বলেন, কৃষি ও পুষ্টিনির্ভর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, নারী উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কংগ্রেসে অংশগ্রহণকারীরা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।























