বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষের ভিড়
- প্রকাশের সময় : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 8
ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য ‘হোল্ডিং সেন্টার’ চালুর ঘোষণার পর উত্তর ২৪ পরগনা সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে বাংলাদেশে ফেরার অপেক্ষায় সীমান্তে ভিড় করছেন শত শত মানুষ।
মঙ্গলবার (২৬ মে) উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর এলাকার বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাকিমপুর চেকপোস্ট এলাকায় নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষের লম্বা সারি দেখা যায়।
স্থানীয় সূত্রের দাবি, এসব মানুষের অনেকেই দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং এখন বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে ‘হোল্ডিং সেন্টারে’ রাখার নির্দেশনা দেন। এর পর থেকেই সীমান্ত এলাকায় এ ধরনের ভিড় বাড়তে শুরু করে।
স্থানীয় প্রশাসনের দাবি, ইতোমধ্যে কয়েকজনকে হোল্ডিং সেন্টারে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে সীমান্ত এলাকায় হঠাৎ মানুষের চাপ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
অন্যদিকে, স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, ঘোষণার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন, যার কারণে সীমান্তে হঠাৎ করে এ ধরনের চাপ তৈরি হয়েছে।
তবে পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং প্রশাসনের নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।
সূত্র: চ্যানেল ২৪























