নওগাঁ ডিবি পুলিশের হাতে ২ মাদক কারবারি আটক
- প্রকাশের সময় : ০৫:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 163
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার ওসি মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর থানার পশ্চিম বালুভরা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রানীনগর থেকে নওগাঁ শহরের দিকে মাদক নিয়ে আসছে—এমন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে পশ্চিম বালুভরা গ্রামের রাজু নামের এক ব্যক্তির বাড়ির সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মোটরসাইকেলের চালক সোহাগ বাবু (৪০) এর কাছ থেকে ৪০ পিস এবং পেছনে বসা শাকিল (২৮) এর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটক সোহাগ বাবু পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং শাকিল একই গ্রামের আনারুলের ছেলে।
এ ঘটনায় রানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।























