কালীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- প্রকাশের সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 193
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল ৩টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূল চেতনাকে সামনে রেখে অনুষ্ঠানের সূচনা হয় কালীগঞ্জ উপজেলার মুরগীহাট মোড় এলাকায়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও প্লেকার্ড হাতে অংশ নেন।
র্যালি শেষে মুরগীহাট মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা এবং সব ধর্মাবলম্বীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দীর্ঘ ৩৮ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও সংগঠনটি মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে পুরো কর্মসূচি সম্পন্ন হয়।

























