পাংশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
- প্রকাশের সময় : ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 96
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি থানা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।
পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
আলোচনা সভায় ভূমিসেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড পদ্ধতিতে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক বলেন, “ভূমিসেবা এখন অনেক বেশি প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হয়েছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “প্রায় প্রতিটি সংঘাতের পেছনে কোনো না কোনোভাবে জমি সংক্রান্ত বিষয় জড়িত থাকে। তাই ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”





















