ঈদের তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-ব্রুনেই
- প্রকাশের সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 105
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। তবে একই অঞ্চলের দেশ হলেও চাঁদ দেখার ভিত্তিতে দেশগুলোর মধ্যে ঈদের তারিখে ভিন্নতা দেখা গেছে।
ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অন্যদিকে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে কোরবানির ঈদ উদযাপন করা হবে।
এদিকে ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, দেশটিতে ২৮ মে ঈদুল আজহা পালিত হবে।
এদিকে সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁদ দেখার ওপরই নির্ভর করছে পবিত্র হজ ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ চাঁদ দেখার জন্য প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তিসম্পন্ন অবজারভেটরি ও দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে।
সূত্র: গালফ নিউজ

























