পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪
- প্রকাশের সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 28
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি এগিয়ে আছে ১৮০টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৪টি আসনে। তবে কংগ্রেস একটি আসনও পায়নি, অন্যান্যরা পেয়েছে চার আসন। খবর বিবিসির।
ভারতীয় সময় সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এমনটাই জানানো হয়েছে। কলকাতার ভবানীপুর আসনে এগিয়ে আছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী।
এই পর্বে পোস্টাল ব্যালট গণনা চলছে। যেসব ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পেশাগত কারণে নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না, তাদের জন্যই এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা থাকে।
পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন। এর আগে, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
উল্লেখ্য, সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা।




















