দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০
- প্রকাশের সময় : ০৮:০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 186
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন নারী ও ৬ জন পুরুষ। উদ্ধার করা মরদেহগুলো রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়।
ঘটনার পরপরই বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটে। পরে ডুবে যাওয়া বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়।
উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিখোঁজদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি তিন কার্যদিবসের মধ্যে এবং অন্যটি একই সময়ের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানা গেছে।
নিহতদের মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।




















