নওগাঁয় জুয়া বিরোধী অভিযানে ১০ জুয়ারী আটক, নগদ অর্থ জব্দ
- প্রকাশের সময় : ০২:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 189
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জুয়া ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ১০ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও তাস জব্দ করা হয়।
জানা যায়, গত ২৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল সদর মডেল থানাধীন চাকলা বাজার সংলগ্ন ছোট যমুনা নদীর তীরে চাকলা ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে টাকা দিয়ে তাস খেলে জুয়া চলছিল।
অভিযানকালে জুয়া খেলারত অবস্থায় আতিকুর রহমান (৩০), মইন উদ্দিন (৪৫), জয়নাল (৪৭), রহিম (৪০), মাসুদ রানা (৪২), মোফাজ্জল (৪৪), মাসুদ (৪০), আবু হাসান (৩৪), শফিকুল (৩৪) ও খালিদ হাসান রাজু (৪০) নামে ১০ জনকে আটক করা হয়। তাদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা এবং দুই বান্ডিল তাস জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক যেমন যুব সমাজকে ধ্বংস করছে, তেমনি জুয়াও বিভিন্ন অপরাধের জন্ম দিচ্ছে। জুয়ার অর্থ জোগাড় করতে গিয়ে অনেকেই চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
তিনি আরও জানান, জেলার ১১ থানার ওসি ও গোয়েন্দা সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক, জুয়া ও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।




















