কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬৬

- প্রকাশের সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 132

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) ভোরে পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
সামরিক সূত্র জানায়, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা সদস্য, ছয়জন বিমান বাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে সেনা ও ক্রুসহ মোট ১২৫ জন আরোহী ছিলেন।
জানা গেছে, সি-১৩০ হারকিউলিস মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়, ফলে হতাহতের সংখ্যা বেশি হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতে কম সংখ্যক হতাহতের খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ৬৬ জনে পৌঁছায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে।
যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ইকুয়েডর ও পেরু সীমান্তসংলগ্ন দুর্গম অঞ্চল। সেখানে সাম্প্রতিক সময়ে মাদক চোরাচালানকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চলছিল।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে এটি কোনো হামলার ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে দেশের সামরিক সরঞ্জাম আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ এই উড়োজাহাজটি নির্মাণ করেছে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন, যা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে বহুল ব্যবহৃত।

























