‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে আরিফের প্রতারণার ফিরিস্তি তুলে ধরল ডিবি
- প্রকাশের সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 142
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট তৈরি ও প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা
তিনি জানান, গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন।
সেখানে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ওই পদ অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এই ভুয়া গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তির কাছে পাঠান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি ব্যবহার করে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে তা ব্যবহার করতেন।
তিনি আরও জানান, গত ১০ ফেব্রুয়ারি সরকারি লোগো ও প্যাড জালিয়াতির মাধ্যমে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন আরিফ।
এতে নিজেকে ‘গুমের ভিকটিম পুনর্বাসন’ কর্মসূচির আওতায় রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এককালীন প্রণোদনা, স্থায়ী চাকরি ও বাসস্থানের কথাও বলা হয়। এছাড়া ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


























