হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে সৌদি

- প্রকাশের সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 123

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় সৌদি আরব একটি বিকল্প পথের প্রস্তাব দিলেও তা কতটুকু কার্যকর হবে, তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর সৌদি আরব তাদের তেল রপ্তানি সচল রাখতে লোহিত সাগরের ইয়ানবু বন্দর ব্যবহারের পরিকল্পনা করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ‘প্ল্যান বি’ বা বিকল্প পরিকল্পনাটি বিশাল পরিমাণ তেলের চাহিদা পূরণে মোটেও সক্ষম নয়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। গত ফেব্রুয়ারিতে উত্তেজনা বৃদ্ধির আগে সৌদি আরব প্রতিদিন গড়ে ৭২ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত, যার সিংহভাগই যেত পারস্য উপসাগরীয় টার্মিনালগুলো দিয়ে। বর্তমানে এই পথ বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব তাদের ১,২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে তেল পাঠানোর চেষ্টা করছে। কিন্তু এই পাইপলাইনের তাত্ত্বিক ধারণক্ষমতা দিনে ৫০ লাখ ব্যারেল হলেও ইয়ানবু বন্দরের প্রক্রিয়াকরণ এবং জাহাজীকরণের ক্ষমতা তার চেয়ে অনেক কম। ফলে প্রতিদিনের প্রয়োজনীয় ৭২ লাখ ব্যারেল তেলের জোগান দেওয়া এই পথে গাণিতিকভাবেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ভৌগোলিক কারণে ইয়ানবু বন্দর থেকে এশীয় বাজারে তেল পৌঁছাতে অনেক বেশি সময় এবং খরচ ব্যয় হচ্ছে, যা বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। এরিমধ্যে চীনের সিনোপেক তাদের শোধন ক্ষমতা ১০ শতাংশ কমিয়ে দিয়েছে এবং জাপান তাদের জাতীয় কৌশলগত মজুদ থেকে তেল ব্যবহার শুরু করেছে।
ইউরোপের শোধনাগারগুলোও একই ধরনের সংকটের মুখোমুখি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি মিত্র দেশগুলোকে নিজেদের জলসীমা নিজেরাই পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন সম্পৃক্ততা কমানোর ইঙ্গিত দিয়েছেন। সার্বিক পরিস্থিতিতে ইয়ানবু বন্দর একটি জরুরি কপাট হিসেবে কাজ করলেও, এটি হরমুজ প্রণালীর পূর্ণাঙ্গ বিকল্প হয়ে উঠতে পারছে না।

























