কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- প্রকাশের সময় : ১০:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 184
কালীগঞ্জ উপজেলাতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারোবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় শুভ (২৮) নামে ওই যুবক ট্রেনের ধাক্কায় নিহত হন। নিহত শুভ উপজেলার বেলাট গ্রামের কায়স্থপাড়া এলাকার বিদ্যুৎ চৌধুরীর ছেলে এবং বারোবাজার বাজারে অবস্থিত ‘শুভ টেলিকম’-এর স্বত্বাধিকারী ছিলেন। এলাকায় তিনি একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস বারোবাজার রেলস্টেশন অতিক্রম করার সময় শুভ ট্রেনের ধাক্কায় আহত হন। পরে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে যশোর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ে যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বারোবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার সিদ্দিকুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
























