কালীগঞ্জে সুপেয় ও নিরাপদ পানি প্রকল্প হস্তান্তর
- প্রকাশের সময় : ০৭:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / 145
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ স্কিমের কাজ সম্পন্ন হওয়ার পর তা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১ মার্চ) এ প্রকল্প হস্তান্তর করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় ৩০০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পিভিসি ট্যাংকসহ একটি উচ্চ জলাধার এবং সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। হাসপাতালের বাউন্ডারির মধ্যে পূর্বে কোনো নলকূপ না থাকায় রোগী ও তাদের স্বজনদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। অনেককে বাইরে থেকে পানি কিনে আনতে হতো। নতুন এই ব্যবস্থার মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা পাওয়ায় রোগী ও তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, হাসপাতালে নিরবচ্ছিন্ন সুপেয় পানির ব্যবস্থা একটি সুস্বাস্থ্যকর ও নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ ভায়োল জলাতঙ্কের ভ্যাকসিনও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
























