গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- প্রকাশের সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 249
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হন। আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), ভাই মিলন মুন্সী (৫২) ও দুলাল মুন্সীকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন।
অপর পক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরও সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সেনাবাহিনী ও র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।
























