বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি : শেহবাজ শরীফ
- প্রকাশের সময় : ১০:৪৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 138
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান—এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়। ওই সময় থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। পরে সর্বশেষ সিদ্ধান্তে জানানো হয়, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, “আমরা টি–২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়। আমরা বিবেচনামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ছিল উপযুক্ত সিদ্ধান্ত।”
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে তারা ইতোমধ্যে ম্যাচ না খেলার কথা জানিয়েছে। এ বিষয়ে আইসিসি পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, ম্যাচে অংশ না নিলে তাদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।























