পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 150
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার চেষ্টা চলছে। তিনি জানান, গত এক বছরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই স্বাভাবিক পর্যায়ে এসেছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আরও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেগুলোর অগ্রগতি হলে তা যথাসময়ে জানানো হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে দুই দফা টেলিফোনে কথা বলেন মো. তৌহিদ হোসেন ও ইসহাক দার। এরপর চলতি সপ্তাহের রোববার সৌদি আরবের জেদ্দায় তাদের মধ্যে সরাসরি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই নিয়মিত যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক হবে।





















