পূর্বাচলের জনসমাগম নির্বাচন নিয়ে সব সন্দেহ দূর করে দিয়েছে : প্রেস সচিব
- প্রকাশের সময় : ০২:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 172
পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে যে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম ঘটেছে, তা নির্বাচন নিয়ে সব সন্দেহ দূর করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিমত জানিয়েছেন। তিনি লিখেছেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন মাত্র ৪৯ দিন দূরে। নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে তার কখনো সংশয় ছিল না; তবে কিছু সময় নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে। কিন্তু গতকালের জনসমাগম সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই হবে কি না, সে প্রশ্ন আর নেই।
শফিকুল আলম বলেন, মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হয়েছে। এটি নির্বাচনের জন্য দেশের প্রস্তুতির স্পষ্ট প্রমাণ।
তিনি আরও লিখেছেন, এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনকেন্দ্রিক বিতর্ক, যার প্রতিধ্বনি গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাবে।
স্ট্যাটাসের শেষে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে। একটি ক্রমেই প্রশস্ত হয়ে চলা বিভাজন নিরাময় করতে পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন।






















