রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে দুই ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল

- প্রকাশের সময় : ১০:৩০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 173

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে পৃথক স্থানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হাসপাতাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অবস্থিত একটি হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে হাসপাতালটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ভেতরে থাকা মূল্যবান চিকিৎসা সরঞ্জাম পুড়ে যায়।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ওবাট হেলথ পোস্ট নামে হাসপাতালটি প্রতিষ্ঠা করে দাতব্য সংস্থা ওবাট হেলপারস ইউএসএ। বর্তমানে হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএর অনুদানে ওবাট হেলপারস বাংলাদেশ ক্যাম্প প্রশাসনের সহায়তায় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিচালনা করছিল। এখান থেকে রোহিঙ্গা ও আশপাশের স্থানীয় জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসাসেবা পেতেন।
ওবাট হেলথ পোস্টের হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ জানান, অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, এই কেন্দ্রটি বহু মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ছিল।
এদিকে একই রাতে হাসপাতাল থেকে প্রায় চার কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচটি বসতঘর পুড়ে যায়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, দুটি ঘটনাস্থলেই ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায় এবং একজন নিহত হন। শীত মৌসুমে বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।






















