‘একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে’— পাকিস্তানকে ভয় ভারত কোচের

- প্রকাশের সময় : ১১:১৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 2

২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নওশাদ মুসা। এবার তাঁর সামনে আরেকটি বিশেষ অর্জনের হাতছানি—কোচ হিসেবে ভারতকে সাফ চ্যাম্পিয়ন করানো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ রাতের ফাইনালে তাঁর দলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতের বেশির ভাগ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২৩ দলের। তবে তরুণদের সামর্থ্যেই পূর্ণ আস্থা নওশাদের। ফাইনালের আগে গতকাল টিম হোটেলে এমন অনেক বিষয় নিয়েই প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নওশাদ মুসা। সাক্ষাৎকার নিয়েছেন জহির উদ্দিন–
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলার ইচ্ছার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান। এই ফাইনাল কতটা কঠিন হতে যাচ্ছে?
নওশাদ মুসা: আমার মনে হয়, এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছি। কিন্তু ফাইনালের পাকিস্তান আর গ্রুপ পর্বের পাকিস্তান এক নয়। তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় দলে যোগ দিয়েছে। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে পাকিস্তান নিজেদের সামর্থ্য দেখিয়েছে। আমাদের চেষ্টা থাকবে শেষ মিনিট পর্যন্ত লড়াই করার। শেষ পর্যন্ত কে জিতবে, কে হারবে, তা এখনই বলা কঠিন।
২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ জিতেছিলেন। এবার কোচ হিসেবে শিরোপার সামনে। এটাকে কীভাবে দেখছেন?
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
নওশাদ: হ্যাঁ, ২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ জিতেছিলাম। সেটি ছিল সাফে ভারতের দ্বিতীয় শিরোপা। এরপর ভারত অনেক ট্রফি জিতেছে। খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের আনন্দ ছিল অসাধারণ। তবে কোচ হিসেবে জিততে পারলে অনুভূতিটা হয়তো আরও বিশেষ হবে। কারণ, তখন পুরো দলের সাফল্যের সঙ্গে নিজের পরিকল্পনা ও পরিশ্রমেরও একটা যোগসূত্র থাকবে। তবে ঠিক কেমন লাগবে, সেটা এখনই বলতে পারছি না। আগে জিতি (হাসি)।
আপনার দলটিকে অনেকেই ভারতের দ্বিতীয় সারির দল বলছেন। এমন মন্তব্য কি খেলোয়াড়দের বাড়তি প্রেরণা জোগাচ্ছে?
নওশাদ: আমি এই দলকে দ্বিতীয় সারির দল হিসেবে দেখি না। এভাবে বললে মনে হতে পারে, অন্যদের তুলনায় আমরা দুর্বল। কিন্তু আমি বলব, এটাই ভারত ফুটবল দল! এই খেলোয়াড়েরাই ভারতের ভবিষ্যৎ। তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ভালো ফুটবল খেলেই কিন্তু ফাইনালে উঠেছে। আমি সব সময় খেলোয়াড়দের বলেছি, বাইরে কে কী বলছে, তা নিয়ে চিন্তা না করে মাঠে নিজেদের প্রমাণ করতে। তাদের ওপর আমার শতভাগ বিশ্বাস আছে।



















