গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

- প্রকাশের সময় : ১১:৩৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 1

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা কাজ করছেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।
এ জন্য ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা (বডি-ওর্ন ক্যামেরা) এবং অন্যান্য বিশেষায়িত যন্ত্রের মাধ্যমে ধারণ করা সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
























