নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখিয়ে দিন : সিইসি
- প্রকাশের সময় : ১১:১৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 267
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ব্যবস্থা নিয়ে ওঠা অপবাদ থেকে মুক্তি পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, একটি সঠিক, অবাধ ও সুন্দর নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় যে তারা দায়িত্বশীলভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম। এজন্য মাঠ প্রশাসনকে আইনের শাসন কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিং সভায় এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে সামগ্রিকভাবে কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ ও সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে কিংবা নির্বাচন ‘ম্যানেজড’ হচ্ছে। এসব অপবাদ থেকে মুক্তি পেতে হলে মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরই আইনের শাসনের প্রকৃত উদাহরণ তুলে ধরতে হবে।
আইনের শাসনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আইন সবার জন্য সমান হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে ভিন্ন আচরণ করা যাবে না। এই ক্রান্তিলগ্নে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করা না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে বলে সতর্ক করেন তিনি।
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, কর্মকর্তারা যদি বুক ফুলিয়ে আইনের পক্ষে দাঁড়ান, তাহলে নির্বাচন কমিশন সবসময় তাদের পাশে থাকবে। বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দেন তিনি।
সভায় বক্তব্যের শুরুতে সিইসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্রিফিং সভায় অন্যান্য নির্বাচন কমিশনার এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে সিইসি বলেন, কমিশনকে খুশি করার জন্য নয়, বরং সিস্টেমকে সঠিকভাবে সচল রাখার জন্য সবাইকে কাজ করতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।






















