হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
- প্রকাশের সময় : ০২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 189
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি সোমবার (২২ ডিসেম্বর) ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, “শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।”
ইনকিলাব মঞ্চও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর অবস্থায় ঢামেক ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং ১৮ ডিসেম্বর সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
হাদির মৃত্যুর পর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।






















