হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইবুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের
- প্রকাশের সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 195
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইবুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ দাবি জানান।
তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে।
তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে রাষ্ট্রকে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার মাধ্যমে তদন্তকে গতিশীল করতে হবে, যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা যায়।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অগ্রগতি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।






















